‎

‎তেরখাদায় মিছিলের ঘটনাকে কেন্দ্র করে এম এম অলিদকে খুঁজতে গিয়ে  না পেয়ে বাবাকে গ্রেফতার

‎

‎খুলনার তেরখাদা উপজেলায় উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এম এম অলিদকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকে ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি থেকে গ্রেফতারের অভিযোগ উঠেছে। মিছিল করার অভিযোগে অলিদকে আটক করতে পুলিশ তাঁর বাড়িতে যায়। সেখানে তাঁকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয়।

‎ঘটনার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে একজন বয়স্ক ব্যক্তিকে আটক করে নিয়ে যেতে দেখা যায়।

‎

‎পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক কর্মসূচি ও মিছিলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এম এম অলিদকে খুঁজতে তাঁর বাড়িতে যায় পুলিশ। তবে সেখানে অলিদকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকে পুলিশ সঙ্গে করে নিয়ে যায়।

‎পরিবারের দাবি, ওই ব্যক্তি বয়সজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এ অবস্থায় তাঁকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

‎তবে তাঁকে কোন অভিযোগে, কোন মামলার ভিত্তিতে কিংবা কী ধরনের আইনগত প্রক্রিয়ায় পুলিশ নিয়ে গেছে—এ বিষয়ে কোনো নথি বা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

‎

‎ঘটনার পর খুলনা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ক্ষোভ ও মর্মবেদনা প্রকাশ করা হয়েছে।

‎সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে,

‎“কি ঘৃণ্য, কি নির্মম, কি মর্মান্তিক! তেরখাদা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এম এম অলিদকে না পেয়ে, মিছিল করার অভিযোগে তাঁর বৃদ্ধ ও অসুস্থ বাবাকে বাড়ি থেকে পুলিশ নিয়ে যাওয়ার ঘটনায় আমরা খুলনা জেলা ছাত্রলীগ পরিবার গভীরভাবে মর্মাহত।”

‎

‎জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঘটনাটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানানো হয়েছে।

‎

‎এ বিষয়ে তেরখাদা থানা পুলিশের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

‎

‎তবে এমন  বিনা অপরাধের অবৈধভাবে গ্রেফতার রাষ্ট্রের নাগরিকদের মধ্যে এক ধরনের উৎকন্ঠা জন্ম দিয়েছে। সচেতন নাগরিক সমাজ এর প্রতিকার ও জবাবদিহিতা নিশ্চিত চান।