অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর নিয়ে জোর আলোচনার মধ্যে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (২৪ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে পদ ছাড়তে পারেন। ৩টি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে জানানো হয়, রাষ্ট্রপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং মঙ্গলবার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকেও অবহিত করা হয়েছে। বার্তা সংস্থাটি রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর মুখপাত্রের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে থাইল্যান্ডে ব্যক্তিগত সফরে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, স্পিকারকে শুক্রবার বেলা সাড়ে ১২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতিকে স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিতে হয়। পরবর্তীতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ফলে সাংবিধানিক শূন্যতা ও প্রক্রিয়া সহজ করতেই স্পিকারকে দ্রুত দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি পদে না থাকার ইচ্ছা ব্যক্ত করেছিলেন মো. সাহাবুদ্দিন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত আলোচনার পর বিষয়টি ফের নতুন করে প্রকাশ্যে আসে।